15977

কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শনের তাগিদ কৃষিমন্ত্রীর

নিউজ ডেস্ক: খাদ্যের উৎপাদন বাড়াতে কৃষি কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শনের যাওয়ার নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘কর্মকর্তাদের শুধু মন্ত্রণালয়ে বসে থেকে গতানুগতিক কাজ করলে হবে না বরং মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনে যেতে হবে।’ রোববার (৩ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের কোন এলাকায় কী চাষ করা যাবে বা সম্ভাবনা আছে তা চিহ্নিত করে পুরোপুরি কাজে লাগাতে হবে। যাতে করে কৃষি উৎপাদন আরও বাড়ানো যায়। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদের উৎপাদন করতে হবে। চলমান করোনার কারণে যদি খাদ্যসংকট বা দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে আমাদের হাতে টাকা থাকলেও খাদ্য পাওয়া কঠিন হবে, অনেকক্ষেত্রে পাওয়াই যাবে না।’ কৃষি বিভাগের সবাইকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ads

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পাদনে পরপর দু’বার কৃষি মন্ত্রণালয় ২য় স্থান অর্জন করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই সাফল্যের পরও আমাদের সকলকে আরও তৎপর থাকতে হবে, এপিএ বাস্তবায়নে নিষ্ঠাবান হতে হবে।’

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় এবার ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বাস্তবায়নে ২য় স্থান অর্জন করেছে। পরপর দুই বার কৃষি মন্ত্রণালয় এপিএ সম্পাদনে ৫১টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে ২য় স্থান অর্জন করে।

ads

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ, মহাপরিচালক (বীজ) বলাই কৃষ্ণ হাজরা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত