প্রবাসীদের পাঠানো অর্থেই দেশের চাকা সচল থাকে: এমপি বাহার
মাইনুল হক: ‘মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ এ স্লোগানকে ধারণ করে কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার আয়োজনে কুমিল্লা টাউন হল মিলনায়তনে রেলী, আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরষ্কার তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল।
প্রধান অতিথির বক্তব্যে আকম বাহাউদ্দিন বাহার বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা ভাস্কর্য আর মূর্তিকে এক করে জনগণকে বিভ্রান্ত করছে। বিশ্বের সকল মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা গ্রহণ করেছেন, রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবাসে যাবার জন্য আহ্বান করেন। দালালদের মাধ্যমে প্রবাসে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।তাই সকলকে বৈধপথে বিদেশে যাবার আহবান জানান তিনি। কুমিল্লা প্রবাসী অধ্যুষিত জেলা, প্রবাসীদের পাঠানো অর্থেই দেশের চাকা সচল থাকে, কুমিল্লা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাই কুমিল্লা কে পেছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
পরে প্রবাসীদের সন্তানদের মাঝে বৃত্তির অর্থ তুলে দেন।










