তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ: ড. মোশাররফ
নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমানে তাঁর(তারেক) নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশ গড়তে আগামী ১২ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ড.মোশাররফ আজ শুক্রবার দুপুরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ বালুর মাঠে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়েছেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বহু আগেই ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সুবিধা বঞ্চিত মানুষদের রাষ্ট্রীয় বিভিন্ন সহায়তা দিতে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রশিক্ষণের ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অবারিত সুযোগ দেয়া হবে। এটা আজ প্রমাণিত যে, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে থাকে, জান-মাল নিরাপদে থাকে।
বিএনপির প্রবীণ নেতা ড. মোশাররফ বলেন, একটি দল ‘৭১-এ দেশের স্বাধীনতা চায়নি। তারাই এখন ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচারণা চালানো হচ্ছে। যা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।
তিনি(ড.মোশাররফ) বলেন, আপনারা আগে চারবার সংসদে পাঠিয়েছেন, তিনবার সরকারের অংশ হয়ে বিভিন্ন উন্নয়ন কাজ করেছি, এখনো কিছু উন্নয়ন বাকি আছে । আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আগামী দিনে এই মোহাম্মদপুর ইউনিয়নের পাঠানতলী মাঠে একটি হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যই ২০০৬ সালে এই জায়গা লিজ নিয়েছিলাম।
পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, একাধিক মেয়াদে মন্ত্রী থাকাকালীন ড.মোশাররফ দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলা প্রতিষ্ঠা এবং মেঘনা উপজেলা বাস্তবায়ন করেছেন। দাউদকান্দি,তিতাস ও মেঘনায় হাইওয়ে থেকে প্রচুরসংখ্যক আভ্যন্তরীণ পাকা সড়ক, সংযোগ ব্রীজ-কালভার্ট নির্মাণ করেছেন। এইসব সড়ক ভেঙে,ধ্বসে গিয়ে এখন বেহাল অবস্থা। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হবে।
মোহাম্মদপুরের পথসভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মাহবুবুল আলম মোহন,জাহাঙ্গীর আলম মিয়াজী,শাহীনুর আক্তার,রোমান খন্দকার প্রমুখ।
ড.খন্দকার মারুফ হোসেন বিকেলে মোহাম্মদ পুর ও মালিগাঁও ইউনিয়নের কালাসোনা,তালেরছেও,মালিগাঁও, আনুয়াখোলা বাজার, বায়নগর বাজার, হাটখোলা বাজার ও চাপাতলীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এই সময় দাউদকান্দি উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।










