ম্যাক্রোঁ ও ওলাফকে যা বললেন শি জিংপিং
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও অশান্তিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। মঙ্গলবার (০৮ মার্চ) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ও মানবিক সংকট নিরসনে শুরু থেকেই দফায় দফায় বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা বিশ্বের নেতারা। এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিত্র চীনের শরণাপন্ন হলো ফ্রান্স ও জার্মানি।
ইউক্রেনে চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় ঠেকাতে মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংকে ইইউ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মধ্যস্থতার জন্য অনুরোধ জানান।
এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিং পিং ইউক্রেনে রুশ বাহিনীর হামলা বিষয়ে কোনো মন্তব্য না করে তা এড়িয়ে যান।
ঘণ্টাব্যাপী কনফারেন্সে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ও ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে আহ্বান জানানোর জন্য শি জিংপিংকে অনুরোধ জানান।
ওলাফ শলজ বলেন, আমরা চাই ইউক্রেনে যুদ্ধের এখানেই ইতি টানা হোক। এই যুদ্ধের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন কখনোই জয়ী হতে পারবে না। তবে দেশটিতে মানবিকতা ভুলুণ্ঠিত হবে। আমাদের সবার সংলাপে বসা প্রয়োজন। তবে সবার আগে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শহরে সাধারণ নাগরিকদের বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব মানবিক করিডোর খুলে দিতে হবে।
ম্যাক্রোঁ বলেন, আমরা জানি চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই এ অঞ্চলে সংঘাত নিরসনে দেশটি বড় ভূমিকা রাখতে পারে।
তবে কদিন আগেও চীন জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে ভেটো দিতে অস্বীকার করে। কৌশলগতভাবে সব ধরনের সংকট ও যে কোনো পরিস্থিতিতে রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। আর তাই কৌশলগত কারণে রাশিয়ার বিপক্ষে গিয়ে চায়না ইইউর অনুরোধ রাখবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।










