মুরাদনগরে মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদকে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মাঠে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং গুজব, মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সনের পূর্বেই বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রতামুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপান্তরিত হবে। তিনি বলেন একদিন ডিজিটাল বাংলাদেশের শ্লোগানকে অবজ্ঞা করা হতো কিন্তু আজ তা বাস্তবে রূপ লাভ করেছে। আজ তথ্য প্রযুক্তির সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। সবার হাতে মেবাইল আছে। অধিকাংশ লোক ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। পৃথিবীর ৩২তম দেশ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের মাধ্যমে বাংলাদেশ তার পতাকা মহাশূন্যে উড়ানোর গৌরব অর্জন করেছে।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাহিদ আহমেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মুরাদনগর থানা, আলহাজ কামাল উদ্দিন, চেয়ারম্যান, নবীপুর ইউনিয়ন পরিষদ, সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার (ভূমি), মুরাদনগর। স্বাগত বক্তব্য রাখেন মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা ও মো: মফিজউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, কুমিল্লা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, নারী পুরষের সমান অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের কাংক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী দশটি উদ্যোগ গ্রহণ করে মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর গৃহিত নারীর ক্ষমতায়ন কার্যক্রমের ফলে নারীরা এখন অনেক উচ্চ পদে আসীন হয়ে দেশকে সমৃদ্ধ করতে সহায়তা করছে। তিনি দেশের উন্নয়নের জন্য মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ অন্তরায় বলে এগুলোকে সবাইকে ‘না’ বলার আহবান জানান। জেলা প্রশাসক এর আহবানে উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ একমত হয়ে মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদকে ‘না’ বলা সংক্রান্ত লাল কার্ড প্রদর্শন করেন।










