‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযথ মর্যাদায় পালিত হোক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি স্মরণ করেন, ১৯৫২ সালে দেশের ছাত্র ও যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। সেই সময় তৎকালীন শাসকগোষ্ঠীর দমনমূলক ব্যবস্থা ও রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সব স্তরে ব্যবহারের মাধ্যমে যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। ভাষা ও সংস্কৃতির সম্প্রসারণ ও সুরক্ষায় সচেষ্ট থাকা গেলে ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, নতুন সরকার বিএনপির নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পরও কিছু অপপ্রচেষ্টা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত মোকাবিলা করতে হবে। তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষা নিশ্চিত করবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে।
বিবৃতিতে তিনি জামায়াতের সকল শাখা ও দেশবাসীকে ২১ ফেব্রুয়ারি আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান।











