কুমিল্লা শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রমে ৫৬তম বাৎসরিক উৎসব ২৫ মার্চ থেকে শুরু
নিউজ ডেস্ক: কুমিল্লা লালমাই উপজেলাধীন পাহাড়চূড়ায় অবস্থিত সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত মহাতীর্থ শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রম প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মানব কল্যাণে ৫৬তম বাৎসরিক উৎসব উপলক্ষে অখণ্ড শ্রীশ্রী গীতা হোম যজ্ঞ ও শ্রী শ্রী চণ্ডী পাঠ মহোৎসব। আসছে ২৫ ও ২৬ মার্চ বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তী মহাষ্টমী তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সূচীর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ২৫ মার্চ বুধবার সন্ধ্যায় অধিবাস কীর্তন ও মঙ্গলঘট প্রতিষ্ঠা শেষে রাত ৮টায় শ্রীশ্রী চণ্ডী মায়ের পূজা ও আরতি (অষ্টমী আরম্ভ অপরাহ্ন ৫টা ১৭ মিনিট ৪৬ সেকেন্ড গতে) এবং পরদিন ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরবেলা দূতিয়াদীঘির পুণ্য সলিলে পূর্ণার্থীদের স্নান ও তর্পণ আরম্ভ এবং মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী চণ্ডী পাঠ, বাল্যভোগ, অখণ্ড শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ, ভজন কীর্তন ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, রাজভোগ, ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলবেলা ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক গান।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।










