আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হতে হবে: জামায়াত আমির
নিউজ ডেস্ক: জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সে সময় তিনি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে মিরপুর এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সন্তান যেন নিরাপদে স্কুলে যেতে পারে, পরিবার যেন ভয়হীনভাবে চলাফেরা করতে পারে- এটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আমি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি।মিরপুর এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নকল টাকা ছাপানোসহ সকল অবৈধ কাজ বন্ধে আমরা বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, অপরাধ কঠোরভাবে দমনের পাশাপাশি জনমনে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব, পেশাদার ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, আমি মিরপুরবাসীসহ সকল নাগরিককে অনুরোধ করছি- আপনারা সচেতন থাকুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, প্রয়োজনে তথ্য দিন, সহযোগিতা করুন। নিরাপদ সমাজ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আমরা একসাথে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির মিরপুর গড়ে তুলব।











