64357

সপরিবারে প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াতের

নিউজ ডেস্ক: সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিয়েছে জামায়াতে ইসলামী। আন্তরিকতার সঙ্গে তিনি দাওয়াত কবুল করেছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রাজনীতিকদের সম্মানে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার আয়োজন করেছে জামায়াত। এ উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দলীয় ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন গোলাম পরওয়ার।

ads

পরে সাংবাদিকদের জামায়াত সেক্রেটারি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতারের দাওয়াত দিতে এসেছিলাম। তাঁর সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পারিক আলোচনা হয়েছে। এ সময় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতার কথা শুনে প্রধানমন্ত্রী আমার ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত কবুল করেছেন এবং যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে তাঁকে স্ত্রী ও সন্তান জায়মা রহমানসহ সপরিবারে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।’

ads

গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশটা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হতে পারে, আমরা সেই আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী সরকারের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন– ‘নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন’। প্রধানমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, দাওয়াত দিতে গিয়ে কিছু সময় আলোচনা হয়েছে। সরকারি ও বিরোধী দলের সমন্বয়-সংহতি এবং রাজনীতিতে সব বিতর্কের জায়গা যেন সংসদ হয়, তা নিয়ে আমরা আলোচনা করেছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

ad

পাঠকের মতামত