কুমিল্লায় কারখানাকে দুই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের
নিউজ ডেস্ক: কুমিল্লায় কারখানাকে দুই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে কাশফুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার মিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ, নিষিদ্ধ রং ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন এবং সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) মাত্রাতিরিক্ত এসপারটাম ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটে ‘হালাল’ উল্লেখ করে পণ্য বাজারজাতের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থী। এসব অপরাধে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া এবং র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।











