64302

বাদশাহ সালমান কুরআন প্রতিযোগিতার পুরস্কার বেড়ে ৯০ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসিরের জন্য আয়োজিত ঐতিহ্যবাহী ‘বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ’ প্রতিযোগিতার পুরস্কারের মোট অর্থ বৃদ্ধি করে ৯০ লাখ (৯ মিলিয়ন) সউদী রিয়াল করা হয়েছে। সউদী আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল আল-শেখ সম্প্রতি এই ঘোষণা দেন।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, প্রতিযোগিতার আগামী ২৮তম আসর থেকে প্রতিটি শাখার বিজয়ীদের পুরস্কারের পরিধিও বাড়ানো হচ্ছে। আগে প্রতিটি শাখায় ৩ জন করে বিজয়ী নির্বাচন করা হলেও এখন থেকে তা বাড়িয়ে ৫ জন করা হবে।

ads

মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল আল-শেখ জানান, পবিত্র কুরআনের সেবা এবং নাগরিকদের কুরআন চর্চায় উৎসাহিত করতে বাদশাহ সালমানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মান এবং বিচারকার্য আগের তুলনায় আরও আধুনিক করা হয়েছে। সউদী ভিশন-২০৩০-এর সাথে সংগতি রেখে এর প্রযুক্তিগত ও সাংগঠনিক দিকগুলোতেও আমূল পরিবর্তন আনা হচ্ছে।

পুরস্কারের অর্থ বৃদ্ধির এই সিদ্ধান্ত পবিত্র কুরআনের হাফেজ ও গবেষকদের মধ্যে আরও ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। সউদী আরবের এই পদক্ষেপকে পবিত্র কুরআনের প্রতি রাজকীয় নেতৃত্বের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ads

উল্লেখ্য, সউদী আরবের জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত, যেখানে প্রতি বছর হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে থাকেন। সূত্রঃ সউদী গেজেট

ad

পাঠকের মতামত