64244

ভারত-ব্রাজিল গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি, বার্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা ২০ বিলিয়ন মার্কিন ডলারের

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও ব্রাজিল আজ নয়াদিল্লিতে ডিজিটাল অংশীদারিত্ব, বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে-সহযোগিতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং উপকূলীয় অঞ্চল-সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক পর্যালোচনা করা হয়েছে।

দুই রাষ্ট্রনেতা পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বিশ্বজনীন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে বহুপাক্ষিক ফোরামে-সহযোগিতা, সংস্কারকৃত বহুপাক্ষিকতা, বিশ্বজনীন শাসনব্যবস্থা এবং গ্লোবাল সাউথ সম্পর্কিত বিষয়গুলি। তাঁদের যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, প্রেসিডেন্ট লুলার নেতৃত্বে ভারত-ব্রাজিল সম্পর্ক আরও জোরদার হয়েছে। আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।

ads

এর আগে, প্রেসিডেন্ট ভবনের প্রাঙ্গণে প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটেও যান ব্রাজিলের প্রেসিডেন্ট। বিদেশ মন্ত্রক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে যে, মহাত্মা গান্ধির মূল্যবোধ এবং আদর্শ ভারত-ব্রাজিল অংশীদারিত্বকে অনুপ্রাণিত করে চলেছে।

ভারত ও ব্রাজিলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, ঘনিষ্ঠ এবং বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ক্রমবর্ধমান-সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি। ভারত এবং ব্রাজিল ২০০৬ সাল থেকে কৌশলগত অংশীদার। ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে ব্রাজিল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

ads

বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য ও ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি-সহ জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক-সহযোগিতা ক্রমাগত গভীর হচ্ছে। সংস্কার, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা-সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে রাষ্ট্রসঙ্ঘে দুই দেশের মতামত একই রকম। ভারত ও ব্রাজিলের মধ্যে BRICS, IBSA, G20, G-4, আন্তর্জাতিক সৌর জোট, গ্লোবাল বায়োফুয়েলস জোটের মতো বহুপাক্ষিক ফোরামে এবং রাষ্ট্রসঙ্ঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ইউনেস্কোর মতো প্রধান বহুপাক্ষিক সংস্থাগুলিতে সুসম্পর্ক রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফরে রয়েছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে লুলা দা সিলভা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেছেন। তিনি বলেন, “সন্ত্রাসবাদ কোনও ধর্ম বা জাতীয়তার সঙ্গে যুক্ত নয়। ভারতের কাছে ব্রাজিলের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে ভারত-ব্রাজিল সম্পর্ক আরও দৃঢ় হবে। উভয় দেশ একসঙ্গে গ্লোবাল সাউথকে শক্তিশালী করবে, যাতে বিশ্বকে কখনও দুটি বৃহৎ শক্তির মধ্যে নতুন করে শীতল যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।”

ad

পাঠকের মতামত