হাসনাত আবদুল্লাহ ও নুরুল হক নূর পেলেন জয়, যাচ্ছেন সংসদে
নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জয় পেয়েছেন। বৃহস্পতিবার বেসরকারি ফলাফলে তাঁদের দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়।
এর মধ্যে বিএনপির সমর্থন নিয়ে পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে জয় পেয়েছেন নুরুল হক নূর। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সমর্থন নিয়ে কুমিল্লা-৪ আসনে শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন।
এদিকে খাগড়াছড়ি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট ৭টি এবং জামায়াত নেতৃত্বাধীন জোট ২টি আসনে জয় পেল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলে এগুলো ছাড়াও আরও কয়েকটি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, বগুড়া-২ ও কক্সবাজার-৩ আসনে। আর জামায়াত জয় পেয়েছে শেরপুর-১ আসনে।
এর মধ্যে কক্সবাজার-৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল এবং বগুড়া-২ আসনে জয় পেয়েছেন একই দলের মীর শাহে আলম। সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। পরাজয় মেনে নিয়ে এরই মধ্যে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত প্রার্থী শিশির মনির।
ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা-৩ আসনে মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জয়ী হয়েছেন। আর শেরপুর-১ আসনে জয় পেয়েছেন জামায়াতের মো. রাশেদুল ইসলাম রাশেদ।
দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।









