ট্রাম্পের বেইজিং সফর: বাণিজ্য চুক্তির পথে চীন ও যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকে দুই দেশের চলমান বাণিজ্য ‘যুদ্ধ বিরতি’ বা ট্রুস-এর মেয়াদ আরও এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। আগামী এপ্রিলে ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বর্তমানে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গত সপ্তাহে দুই নেতার ফোনালাপের সময় শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন। মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, এই সফরের প্রস্তুতি ও দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এপ্রিলের এই শীর্ষ সম্মেলনে দুই পক্ষ বর্তমান শুল্ক ও রফতানি নিয়ন্ত্রণের শিথিলতাকে আরও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় দুই নেতার বৈঠকের পর এই ‘অস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে ২০২৫ সাল জুড়ে পাল্টাপাল্টি শুল্ক আরোপ এবং মার্কিন কৃষিপণ্য বর্জনের কারণে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক চরম উত্তপ্ত ছিল।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদী কৌশলগত উত্তজনা বজায় থাকলেও স্বল্পমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে দুই দেশই এই সমঝোতায় আগ্রহী। ইতিমধেই চীন রাজনৈতিকভাবে সংবেদনশীল মার্কিন সয়াবিন কেনা পুনরায় শুরু করেছে, যা ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এপ্রিলের এই সফর সফল হলে তা বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং দুই পরাশক্তির বাণিজ্যিক সম্পর্কের অস্থিরতা সাময়িকভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: এসসিএমপি।









