63801

এবি পার্টির নির্বাচনি ইশতেহার: শিক্ষা-স্বাস্থ্যে অগ্রাধিকার, মধ্যবিত্তের জন্য ‘রেন্ট-টু-ওউন’ আবাসন

নিউজ ডেস্ক: শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জাতীয় নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

ইশতেহারে মধ্যবিত্তের জন্য ‘রেন্ট-টু-ওউন’ আবাসন, স্বাস্থ্য বিমা, স্মার্ট ও সবুজ গণপরিবহন, যুবকদের কর্মসংস্থানে ‘কর্মসংস্থান মিশন’সহ ৯টি খাতে ৬৮টি বিষয় তুলে ধরা হয়েছে।

ads

রোববার বিকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ইশতেহার ঘোষণা করেন। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আলতাফ হোসাইনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান বলেন, স্বাধীনতাযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ভিত্তি করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে এবি পার্টি প্রথম থেকেই কাজ করছে। জুলাইয়ে শত শত তরুণের জীবন ও অঙ্গহানির বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতেই হবে। যারা এই প্রত্যাশা ধরতে পারবে না, তারা প্রত্যাখ্যাত হবে।

ads

মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা হবে উল্লেখ করে ইশতেহারে বলা হয়, পাঠ্যক্রমের প্রয়োজনীয় সংস্কার ও শিক্ষকতা পেশার আধুনিকায়ন করা হবে। বহুধাবিভক্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় জোর দেওয়া হবে। প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে অভিভাবক সংযুক্তি অ্যাপ তৈরি করে সুনাগরিক তৈরির ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, যুগের চাহিদা অনুযায়ী নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা চালু করা হবে। ইউনিয়ন পর্যায়ে সর্বাধুনিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে সব ধরনের জরুরি চিকিৎসাসেবা এসব সেন্টারেই পাওয়া যায়। এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ গঠন করা হবে। স্বাস্থ্য খাতে জবাবদিহি ও সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য টাস্কফোর্স গঠন করা হবে। উপকূলীয় এলাকায় তড়িৎ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ অ্যাম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি সেবা চালু করা হবে।

সড়ক নিরাপত্তার বিষয়ে ইশতেহারে বলা হয়, নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস চালু করা হবে। নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে খাল নেটওয়ার্ক স্থাপন করা হবে। যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি পরিবেশবান্ধব সবুজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হবে। আরবান ইকোলজিক্যাল ম্যাপ তৈরি করে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পরিবেশবান্ধব গণপরিবহন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

আবাসন ও কর্মসংস্থানের বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, আবাসন খাতে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে ‘সামাজিক আবাসন’ স্কিম নেওয়া হবে। ভাড়াটে-মালিকের স্বার্থরক্ষায় ‘রেন্ট–টু–ওউন’ স্কিম নেওয়া হবে। কোটি কোটি বেকার যুবকের মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করতে ‘কর্মসংস্থান মিশন’ চালু করা হবে। বেকারদের রাজধানীমুখী স্রোত ঠেকাতে বিভাগীয় জব সেন্টার প্লাস স্থাপন করা হবে। উদ্যোক্তা তৈরির আধুনিক ব্যবস্থা হিসেবে ইয়ুথ স্টার্টআপ ফান্ড এবং সোশ্যাল এন্টারপ্রাইজ গ্র্যান্ট স্কিম গঠন করা হবে।

সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের সুরক্ষা ও নিরাপত্তায় নারীবান্ধব নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করা হবে জানিয়ে ইশতেহারে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে আইন সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করে জাতীয় মর্যাদা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে ইশতেহারে বলা হয়, জলবায়ু ও জ্বালানি কূটনীতিকে প্রাধান্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পেশাদার কূটনৈতিক কাঠামো জোরদার করা হবে। পানি ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। দেশের ইমেজ (ভাবমূর্তি) বাড়াতে আন্তর্জাতিক ব্র্যান্ডিং জোরদার করা হবে।

শক্তিশালী প্রতিরক্ষা ও নিরাপত্তা কৌশল প্রণয়ন করা হবে জানিয়ে এবি পার্টির ইশতেহারে বলা হয়, স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট চালু করা হবে, যাতে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বন্ধ করা যায়। দেশ প্রতিরক্ষায় তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করতে ১৮ বছরের বেশি বয়সী সক্ষম যুবকদের নিয়ে তরুণ স্বেচ্ছাসেবী পার্ট টাইম ন্যাশনাল সার্ভিস চালু করা হবে।

ad

পাঠকের মতামত