63755

মাধ্যমিক পাস বেকার যুবকদের ভাতা দেবে মমতা সরকার

আন্তর্জাতিক ডেস্ক: মাধ্যমিক পাস করা বেকার যুবকদের ভাতা দেবে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্য সরকারের বাজেট পেশ করার সময় এই ঘোষণা দেয়া হয়।

আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশ্রী’ প্রকল্পের আদলে নতুন আরেকটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার; যার নাম ‘বাংলার যুবসাথী’।

ads

রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মাধ্যমিক পাস করা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় মাসে মাসে ১ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে এই প্রকল্প কার্যকর হবে। ২০২৬-২৭ অর্থ বছরে এই প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি, তাদের জন্যই মূলত এই প্রকল্প। একজন যুবক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পাবেন। তবে এই সময়ের মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে তার ক্ষেত্রে প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে।

ads

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার বা অন্য সংস্থার স্কলারশিপ যারা পাচ্ছেন, তারাও ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

বর্তমানে রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশ্রী’ নামে একটি প্রকল্প চালু আছে। সেই প্রকল্পে অষ্টম শ্রেণি উত্তীর্ণ এবং ১৮ বছর বয়স হলেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা যায়। যুবশ্রী প্রকল্পে মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়; যা চাকরি পেলে বা বয়স ৪৫ পেরোলে বন্ধ হয়ে যায়।

আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার আগে এটিই বর্তমান রাজ্য সরকারের শেষ বাজেট। এই বাজেটে একাধিক সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাও ৪ শতাংশ বাড়ানো হয়েছে।

এ ছাড়া, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পেও ভাতা বাড়ানো হয়েছে। আগে যারা মাসে ১ হাজার টাকা পেতেন, তারা এখন থেকে পাবেন ১,৫০০ টাকা। তফসিলি জাতি, জনজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারীদের ক্ষেত্রে ভাতা বাড়িয়ে ১,৭০০ টাকা করা হয়েছে; যা ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।

ad

পাঠকের মতামত