63765

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

নিউজ ডেস্ক: দেখতে দেখতে ঘনিয়ে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিয়েছেন ইশতেহারও। ‘সবার আগে বাংলাদেশ’— এ স্লোগান নিয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে যোগ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এটিই তার নেতৃত্বে প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় প্রতিটি নির্বাচনে তিনিই ইশতেহার ঘোষণা করেন।

ads

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপি এবারের ইশতেহার ঘোষণা করে। ‘করবো কাজ, গড়বো দেশ’—এ মূলনীতিকে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার তুলে ধরা হয়।

ইশতেহারে মোট পাঁচটি অধ্যায় রাখা হয়েছে। প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের রূপরেখা দেওয়া হয়েছে। চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সংহতির ওপর জোর দেয়া হয়েছে।

বিএনপি জানায়, ইশতেহারটি তৈরি করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালার সমন্বয়ে। এতে রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা। যুক্ত করা হয়েছে প্রয়াত চেয়ারম্যান খালেদা জিয়ার ভিশন–২০৩০। অন্তর্ভুক্ত হয়েছে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা। পাশাপাশি যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো।

ad

পাঠকের মতামত