টয়োটার সিইও পদ ছাড়ছেন সাতো, নেতৃত্বে আসছেন কেন্টা কন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটায় বড় ধরনের নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা এসেছে। মাত্র তিন বছর দায়িত্ব পালনের পর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোজি সাতো পদত্যাগ করছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানিটির বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেন্টা কন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টয়োটা।
এই ব্যবস্থাপনা রদবদলের অংশ হিসেবে কোজি সাতো টয়োটার ভাইস চেয়ারম্যান এবং চিফ ইন্ডাস্ট্রি অফিসারের দায়িত্ব নেবেন। অর্থাৎ, তিনি সরাসরি দৈনন্দিন ব্যবস্থাপনার বদলে বৃহত্তর শিল্পখাত ও কৌশলগত বিষয়ে নজর দেবেন। এমন এক সময়ে এই পরিবর্তন এলো, যখন ফর্কলিফট নির্মাতা সহযোগী প্রতিষ্ঠান টয়োটা ইন্ডাস্ট্রিজ অধিগ্রহণের পরিকল্পনা ঘিরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার বাড়তি পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।
টয়োটার এই নেতৃত্ব পরিবর্তন বাজারের জন্য কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করা হচ্ছে। কারণ, তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সঙ্গেই এই ঘোষণা দেওয়া হয়, যেখানে কোম্পানিটি চলতি অর্থবছরের মুনাফার পূর্বাভাস প্রায় ১২ শতাংশ বাড়িয়েছে। দুর্বল ইয়েন এবং ব্যয় নিয়ন্ত্রণে নেওয়া কৌশল এই ইতিবাচক পূর্বাভাসে বড় ভূমিকা রেখেছে।
নতুন সিইও হিসেবে কেন্টা কন মূলত টয়োটার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জোর দেবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, কোজি সাতো বৈশ্বিক অটোমোবাইল শিল্পের পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং দীর্ঘমেয়াদি কৌশলগত দিকগুলো তদারক করবেন।
বিশ্লেষকদের মতে, চীনা প্রতিদ্বন্দ্বী নির্মাতারা বৈদ্যুতিক ও স্মার্ট গাড়ির বাজারে দ্রুত অগ্রসর হওয়ায় বৈশ্বিক অটোমোবাইল শিল্পে অস্থিরতা বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানো এবং নেতৃত্বের দায়িত্ব ভাগ করে নেওয়ার লক্ষ্যেই টয়োটা এই পরিবর্তনের পথে হাঁটছে। তথ্যসূত্র : রয়টার্স











