স্পেন-ফ্রান্সের তেল কোম্পানির সাথে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির জ্বালানি খাত নিয়ে স্পেনের রেপসোল এবং ফ্রান্সের মোরেল অ্যান্ড প্রম-এর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
বুধবার ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘পিডিভিএসএ’ এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।
প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্রের এক অভিযানে বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রশাসনের সাথে বিদেশী বিনিয়োগকারীদের এটিই প্রথম বড় ধরনের কোনো আলোচনা।
পিডিভিএসএ-এর পৃথক দু’টি বিবৃতিতে জানানো হয়, স্প্যানিশ কোম্পানি রেপসোলের সাথে বৈঠকে পারস্পরিক সম্মান বজায় রেখে দেশের জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষই এমনভাবে কাজ করতে একমত হয়েছে যাতে উভয়ের স্বার্থ ও লাভ নিশ্চিত হয়।
অন্যদিকে, ফরাসি কোম্পানি মোরেল অ্যান্ড প্রম-এর সাথে বৈঠকে কৌশলগত অংশীদারত্ব আরো মজবুত করার ওপর গুরুত্ব দেয়া হয়। এর মূল লক্ষ্য হলো ভেনিজুয়েলার জ্বালানি উৎপাদন ক্ষমতা বাড়ানো।
উল্লেখ্য, রেপসোল এবং মোরেল অ্যান্ড প্রম দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলায় তেল উৎপাদন ও বাণিজ্যের সাথে জড়িত। তবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে তাদের স্বাভাবিক কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে।
সূত্র : বাসস











