মানুষ তরুণ প্রজন্মের পক্ষে ভোট দেবে: নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক: নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ পরিবর্তনের পক্ষে এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের পক্ষে রায় দেবে।
রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দক্ষিণ বাড্ডা এলাকায় গণসংযোগ করেন। এ সময় এনসিপির নেতা-কর্মীদের পাশাপাশি ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান শরিক জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি তাঁদের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগকালে নাহিদ ইসলাম ও তাঁর সহযোগীরা ভোটারদের হাতে দলীয় প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।
এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দুর্নীতি ও চাঁদাবাজির মতো সমস্যার কার্যকর সমাধান হবে।” তিনি আরও জানান, জলাবদ্ধতাসহ স্থানীয় সমস্যা নিরসন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করাও তাঁদের অগ্রাধিকার।
নির্বাচনী প্রচারে পরোক্ষ বাধার অভিযোগ তুলে এই তরুণ প্রার্থী বলেন, “প্রত্যক্ষভাবে বাধা নেই, তবে আমাদের নেতা-কর্মীদের ওপর চাপ রয়েছে। ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।” এসব বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।











