মালয়েশিয়া প্রবাসীদের জন্য নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। এ তালিকায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের হাজারো নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার সরকারি হিসাবে, এ ধরনের অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারের বেশি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল।
ফাহমি ফাজিল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন লঙ্ঘন করেছেন। এর মধ্যে ২০২৫ সালে দেশজুড়ে পরিচালিত অভিযানে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—যেসব বিদেশি পর্যটক বা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করে পরবর্তীতে অবৈধভাবে কাজে জড়িয়ে পড়ছেন, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভিসা সহজীকরণের সুযোগ নিয়ে যারা আইন ভাঙছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মালয়েশিয়া সরকার বলছে, অনেক বিদেশি পর্যটন ভিসায় দেশটিতে প্রবেশ করে গোপনে চাকরি করছেন, যা দেশটির অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এ পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং ভিসা অপব্যবহারকারীদের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে।










