জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জাপান ও বাংলাদেশের গবেষকদের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নোবিপ্রবি ও জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
আলোচনা শেষে নোবিপ্রবি ভিসি জাপানি প্রতিনিধিদলের হাতে বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত পাটের ব্যাগ উপহার হিসেবে তুলে দেন। এ সময় জাপানি প্রতিনিধিদলও জাপান থেকে আনা উপহার উপাচার্যের কাছে হস্তান্তর করে।
সাক্ষাতে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাহোকো ইচিহারা, সহযোগী অধ্যাপক ড. নাথান মিসে, ড. একেগামি ও ড. ইউকি কিতামুরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাপানি প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক ড. সাহোকো ইচিহারার তত্ত্বাবধানে নোবিপ্রবির শিক্ষক ড. মো. শিবলুর রহমান ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জেএসপিএস (JSPS) পোস্টডক্টরাল ফেলোশিপের অর্থায়নে দুই বছর গবেষণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে তিনি ২০২৩ সাল থেকে ভিজিটিং রিসার্চার হিসেবে যৌথ গবেষণায় যুক্ত রয়েছেন।










