আয়ারল্যান্ডকে হারিয়ে ইতালির ইতিহাসে প্রথম জয়
স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচ হারে হতাশ আয়ারল্যান্ডকে সিরিজের শেষ ম্যাচে হারিয়ে ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছে ইতালি। ৪ উইকেটের এ জয়ের মাধ্যমে আইসিসির পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে ইতালির এটি প্রথম জয়।
দুবাইয়ে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ড আগে ব্যাট করে ১৫৪ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার পল স্টার্লিং। ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৮ বলে এই ইনিংস তিনি খেলেন। শেষের দিকে মার্ক অ্যাডেয়ার ২১ বলে ২৫ রান যোগ করলেও দলকে বড় স্কোরে পৌঁছাতে পারেননি।
ইতালি রান তাড়া শুরু করলেও শুরুটা মোটেই মসৃণ ছিলো না। মাত্র ২২ রানে ২ উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক ওয়েনি ম্যাডসেন ব্যাটিংয়ে নেমে দলের ভরসা জোগান। ৩০ বলে তার ৩৯ রানের ইনিংস দেখিয়ে দেন, ইতালির ব্যাটারদের দক্ষতা আয়ারল্যান্ডের বোলিং সামলানোর। দলের ১০৮ রানের সময় তিনি আউট হলে মিডলঅর্ডার ব্যাটার গ্র্যান্ট স্টুয়ার্ট দায়িত্ব গ্রহণ করেন। ৪ ছক্কা ও ১ বাউন্ডারিতে মাত্র ১৯ বলে তার হার না মানা ৩৩ রানের ইনিংস ইতালিকে জয়ের মুখ দেখায়। তিন বল বাকি থাকতেই ইতালি লক্ষ্য অর্জন করে।
৪ উইকেটের জয়ের পর মাঠজুড়ে ইতালির আনন্দ-উৎসব ছিলো চোখে পড়ার মতো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি। বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে তারা মুখোমুখি হবে ইংল্যান্ড, নেপাল, স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৫৪/১০ (১৯.৪ ওভার, স্টার্লিং ৪৫, অ্যাডেয়ার ২৫, কালুগামাগে ৩/২৮)
ইতালি: ১৫৭/৬ (১৯.৩ ওভার, ম্যাডসেন ৩৯, গ্র্যান্ট স্টুয়ার্ট ৩৩*)
ফলাফল: ইতালি ৪ উইকেটে জয়ী
সিরিজ ফলাফল: আয়ারল্যান্ড ২ – ইতালি ১










