62366

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফনের পরদিন তার কবরে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে যান পরিবারের সদস্যরা। কবর জিয়ারতের সময় কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাত করা হয়। এ সময় তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে যান তারা। পরিবারের অন্যদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ads

কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

ফজরের নামাজের পর থেকেই সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ads

এর আগের দিন বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ দোয়া করেন এবং শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দল-মতনির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

 

ad

পাঠকের মতামত