সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও বিদায়
নিউজ ডেস্ক: কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ এবং স্প্রিং ২০২৫ সেমিস্টারে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কুমিল্লার কোটবাড়ি বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে প্রাণবন্ত বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ শাহ জাহানের সভাপতিত্ব ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আইন বিভাগের প্রভাষক নাজমুল হাসান মজুমদার, গীতাপাঠ করেন প্রভাষক প্রান্ত চৌধুরী এবং ত্রিপিটক পাঠ করেন প্রভাষক এনজয় চাকমা। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, শুধু পড়ালেখা করলেই হবেনা,শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি মর্যাদাপূর্ণ ও পরিপূর্ণ মানুষ হতে হবে এবং দেশ প্রেম থাকতে হবে।
ক্যারিয়ারে সফলতার সাথে জীবনের স্বার্থকতা ভাবতে হবে। শিক্ষা এবং জ্ঞান অর্জনে নিজের স্বপ্ন নিজেকেই তৈরি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে হবে। আগামির চ্যালেঞ্জ মোকাবেলায় চেষ্টা চালিয়ে যেতে হবে এবং পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, আইকিউএসির পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. খাইরুল ইসলাম জুমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেন, প্রক্টর খাইরুল আনোয়ার রবিন, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমার্ধে আলোচনা ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয়ভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।










