সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সৌদি রিয়ালের জন্য একটি সরকারি প্রতীক চালুর অনুমোদন দিয়েছেন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক, সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথরিটির (এসএএমএ) বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে।
এসএএমএ’র গভর্নর আয়মান আল-সায়ারি নতুন প্রতীক চালু করার জন্য বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই প্রতীক স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সৌদি রিয়ালের আর্থিক পরিচিতি আরও শক্তিশালী করবে। নতুন প্রতীকে সৌদি আরবের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। এই উদ্যোগ জাতীয় গর্ব ও সাংস্কৃতিক ঐক্যকে জোরদার করবে এবং সৌদি রিয়ালের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করবে।
নতুন প্রতীকটি আরবি ক্যালিগ্রাফি এবং জাতীয় মুদ্রার নাম ‘রিয়াল’কে একত্রিত করে তৈরি করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে এটি ব্যবহৃত হবে।
এসএএমএ’র গভর্নর সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি ও কোয়ালিটি অর্গানাইজেশন (এসএএসও)-সহ এই প্রকল্পের সাথে জড়িত সকল পক্ষের প্রশংসা করেছেন।
রিয়ালের নতুন প্রতীক সৌদি আরবের আর্থিক ও অর্থনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সৌদি রিয়ালকে একটি বিশ্বাসযোগ্য ও স্বীকৃত মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।
এসএএমএ জানিয়েছে, নতুন প্রতীকটি অবিলম্বে চালু করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে আর্থিক ও বাণিজ্যিক লেনদেন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনে এটি ধীরে ধীরে একীভূত করা হবে।










