নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনায় বসছেন পুতিন
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনায় বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন তিনি। সেখানে মূলত নিষেধাজ্ঞার প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা হবে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর অভিযোগ করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার একদিনের মাথায় বুধবার এমন অভিযোগ করেছে ক্রেমলিন। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানানোর বিষয়টি মস্কোর পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সবচেয়ে গুরুতর সংকটের মুখে রয়েছে রাশিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা দেশটির প্রায় পুরো আর্থিক ও করপোরেট ব্যবস্থাকে আক্রান্ত করেছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞার প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন।










